জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
স্টাফ রির্পোটার :>>>> জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণেই সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে এসএসএফের ৩১তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দরবার হলে এ সব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সকলের বেতন বৃদ্ধি করেছি। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে ১২২ ভাগ বেতন বৃদ্ধি এটা কোনোদিন কেউ করতে পারেনি। প্রত্যেকের বেতন বৃদ্ধি করে আমরা উন্নয়ন বাজেটকে আরও বাড়িয়ে দিয়েছি। যার ফলে আজকে সকল শ্রেণি পেশার মানুষ তার সুফল পাচ্ছে।
পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, মন্ত্রিপরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম, এখানে জনগনের সেবা করার জন্য এসেছি। দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আসিনি। দুর্নীতি করে ভাগ্য গড়তে চাইলে অনেক আগেই করতে পারতাম। আমি রাষ্ট্রপতির মেয়ে ছিলাম, প্রধানমন্ত্রীর মেয়ে ছিলাম। দুর্নীতি করতে চাইলে তখনই করতে পারতাম।
তিনি বলেন, এটা একটা ষড়যন্ত্র ছিল। তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালত রায় দিয়েছে, এটা সম্পূর্ণ বানোয়াটা, মিথ্যা একটা অভিযোগ ছিল। আমি বাংলাদেশের মানুষের মাথা নিচু করিনি। এটুকু অন্তত বলতে পারি। বরং মাথা উচু হয়েছে।
শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর যেভাবে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা হয় সেটা কীভাবে রাজনীতি হতে পারে সেটা আমার কাছে বোধগম্য নয়।



