৫২ আসনে প্রার্থী নেই আওয়ামী লীগ-বিএনপির

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪১ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

স্টাফ রিপোর্টার: >>>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পর অযোগ্য বলে বিবেচিত হওয়ায় ৫২টি আসনে আপাতত প্রার্থীশূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এর মধ্যে আওয়ামী লীগের ৩৯ ও বিএনপির ১৩টি আসনে কোন প্রার্থী থাকছে না। মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো রিপোর্ট বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

জানা যায়, বিএনপির ১৪১ জনের ও আওয়ামী লীগের ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর ফলে এ নির্বাচনে বিএনপির বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫৫ জনে ও আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়াল ২৭৮ জনে। মনোনয়নপত্র বাতিলের ফলে বিএনপির ৮টি আসনে কোনো প্রার্থী রইল না। এর আগে ৫টি আসনে দলটির কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। সবমিলিয়ে ১৩টি আসনে বিএনপির প্রার্থী নেই। গত ৮ নভেম্বর ২৯৫টি আসনে বিএনপির ৬৯৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

অপরদিকে আওয়ামী লীগের ৩ জনের প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ৩৯টি আসনে দলটির প্রার্থী নেই। এ নির্বাচনে ২৬৪ আসনে ২৮১ জন আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হয়েছিলেন। যাচাই-বাছাইয়ে সবচেয়ে বেশি বাতিল হয়েছে। ৪৯৮ জনের মধ্যে ৩৮৪ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ১১৪ জন।

যে ৩৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই : ঠাকুরগাঁও-৩; নীলফামারী-৩ ও ৪; লালমনিরহাট-৩; রংপুর-১ ও ৩; কুড়িগ্রাম-২; গাইবান্ধা-১; বগুড়া-২, ৩, ৪, ৬ ও ৭; রাজশাহী-২; কুষ্টিয়া-২; বরিশাল-৩ ও ৬; পিরোজপুর-২ ও ৩; ময়মনসিংহ-৪ ও ৮; কিশোরগঞ্জ-৩; মুন্সিগঞ্জ-১; ঢাকা-৪, ৬ ও ৮; নারায়ণগঞ্জ-৫; সুনামগঞ্জ-৪; সিলেট-২; মৌলভীবাজার-২; ব্রাহ্মণবাড়িয়া-২; ফেনী-১ ও ৩; লক্ষ্মীপুর-২ এবং চট্টগ্রাম-২ ও ৫। মনোনয়নপত্র জমা দেয়ার সময় এ ৩৬ আসনে নৌকার প্রার্থী ছিল না।

এখন বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় যোগ হলো কুড়িগ্রাম-৪, সাতক্ষীরা ১ ও নারায়ণগঞ্জ ৩। অবশ্য আপিল করে কেউ মনোনয়ন ফিরে পেলে এ সংখ্যা বাড়বে। ৯ ডিসেম্বরের মধ্যে দলীয় ও জোটগত প্রার্থী চূড়ান্ত হবে। সেক্ষেত্রে নৌকা প্রতীকে জোটগতভাবে প্রার্থী সংখ্যা বাড়তেও পারে।

বিএনপির প্রার্থী নেই যে সব আসনে : টাঙ্গাইল-৮, মৌলভীবাজার-২, কুমিল্লা-৭, লক্ষ্মীপুর-৪ ও চট্টগ্রাম-১৪। মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে বিএনপির প্রার্থী ছিল না। বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় আরও ৮ আসনে বিএনপি আপাতত নেই। এ আসনগুলো হলো- ঢাকা-১, ৭ ও ১৬, সুনামগঞ্জ-৩, মানিকগঞ্জ-২, জামালপুর-৪, পাবনা-১, বগুড়া-৭। অবশ্য আপিল করে কেউ মনোনয়ন ফিরে পেলে এ সংখ্যা বাড়বে। আপিল নিষ্পত্তি শেষে ৯ ডিসেম্বর দলীয় প্রতীকসহ প্রার্থী চূড়ান্ত হবে।

২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। তাদের ৩০৬৫ টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়েছে মোট ২ হাজার ৫৬৭টি। এর বাইরে স্বতন্ত্র ৪৯৮টি মনোনয়নপত্র মিলিয়ে মোট সংখ্যা ৩ হাজার ৬৫। ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। ওইদিন ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। স্বতন্ত্র বৈধ প্রার্থী আছেন ১১৪টি। বাতিল হওয়া প্রার্থীরা বুধবার পর্যন্ত আপিল করতে পারবেন। ৬, ৭, ৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যেসব মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে, সেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬, ৭ ও ৮ ডিসেম্বর আপিল শুনানি করে নিষ্পত্তি করবে কমিশন। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট হবে।

আপনার মতামত লিখুন :