রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরুদ্ধ করে ২৫ গাড়িতে গণডাকাতি
স্টাফ রির্পোটার : চুয়াডাঙ্গায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অন্তত ২৫টি গাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের কাছে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়ামার ব্রিজের কাছে রাস্তায় গাছের গুড়ি ফেলে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহন, ডিলাক্স পরিবহন, পূর্বাশা পরিবহন, ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানসহ ২৫টি যানবাহনে আটকে চালকদের জিম্মি করে লুটতরাজ চালায় ডাকাত দল। তারা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে নেয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির শিকার যানবাহনের সংখ্যা নিয়ে ভিন্নমত পোষণ করেন তিনি।



