তিন কর্মকর্তার স্বাক্ষরে খুলবে এসএসসি প্রশ্নপত্রের মোড়ক

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৯

স্টাফ রির্পোটারঃ>>>

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা , কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ও স্বাক্ষরে নির্ধারিত সেট প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে। আর কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা জানানো হবে পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে।

প্রশ্নপত্র ফাঁসরোধে এমন ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়াও আরও কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব বিষয়ে আজ সোমবার পৃথক চারটি পরিপত্র জারি করে বিষয়গুলো নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার পরিপত্র জারি করা হলেও সিদ্ধান্তগুলো আগেই নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপটে গত বছরের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আরেকটি পরিপত্রে বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। তবে কেন্দ্রসচিব ছবি তোলা যাবে না ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

আপনার মতামত লিখুন :