একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ এএম, ২৯ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বুধবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গেল ৯ জানুয়ারি সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন এবং একাদশ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।তবে সংসদীয় রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনও এমপি মারা গেলে অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব গ্রহণ করে ওই দিনের মতো অধিবেশন মুলতবি করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ১ থেকে নির্বাচিত সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ইন্তেকাল করেন। ফলে রেওয়াজ অনুযায়ী শুরুর পর শোক প্রস্তাব গ্রহণ করে অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবির পর অধিবেশন পুনরায় শুরু করা হবে। আর সে সময় রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিএনপি পেয়েছে ৬টি আসন। ওয়ার্কার্স পাটি পেয়েছে ৩টি আসন, গণফোরাম ২টি (এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ মনসুর এবং গণফোরাম নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হয়েছেন), বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয়ী হন।কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায়, এ আসনের পরে নির্বাচন হবে।

আপনার মতামত লিখুন :