প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি ষড়যন্ত্র কিনা বের হচ্ছে’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেট আপনাকেও (খালেদা) বিধবা করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি কোনো ষড়যন্ত্র কিনা- সে রহস্য অচিরেই বের করা হবে। রাজধানীর ইডেন কলেজে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইডেন কলেজ শাখা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে তিনি বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন। কিন্তু শেষ বিচারে তারও রক্ষা হয়নি। ঘাতকের বুলেটেই তাকে (জিয়া) মরতে হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ২০ বার হত্যাচেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার পতাকা বয়ে চলছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, তাও খুঁজে বের করা হচ্ছে। অচিরেই এ রহস্য উদঘাটন করা হবে।
৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার জন্য বঙ্গভবনে খালেদা জিয়াকে ডাকা হয়েছিল। তিনি যাননি। ওই আলোচনায় গেলে দেশের রাজনীতির ইতিহাস আজ অন্যভাবেও লেখা যেত। নির্বাচন বানচালের নামে তিনি মানুষ হত্যার রাজনীতি শুরু করলেন। তাদের সঙ্গে কোনো আলোচনা, সংলাপ হতে পারে না।
স্বাধীনতাবিরোধীদের বিচার চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তার এ বক্তব্য এ বছরের সেরা তামাশা আর প্রতারণা ছাড়া কিছুই নয়।
বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে ফুলের তোড়া নিয়ে ভারতের দূতাবাসে যায় বিএনপি। তাতেও হালে পানি না পেয়ে চাতক পাখির মতো চেয়ে থাকে আটলান্টিকের ওপারে। হিলারি জিতবেন বলে বিএনপি ফুল আর মিষ্টি উৎসবও করে।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, ইডেন কলেজের অধ্যক্ষ গায়েত্রী চ্যাটার্জি, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।



