নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান ‘চূড়ান্ত পর্যায়ে
স্টাফ রির্পোটার : >>>>ঝড়-বৃষ্টির পর মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে আবার অভিযান শুরুর পর টানা গুলি ও কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সোয়া ১১টার দিকে ‘অপারেশন হিটব্যাক’ শুরু হয় বলে অভিযান সূত্রে জানা গেছে। এরপর থেকে থেমে থেমে ওই এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ২০০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
অভিযান সংশ্লিষ্ট এক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সোয়াট সদস্যরা নাসিরপুরে অভিযানের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
নাসিরপুরে অভিযান শেষে হলে পৌর এলাকার বড়হাটের জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদরাসার গেটে পৌঁছেন তিনি। এরপর তিনি জঙ্গি আস্তানা এলাকার দিকে পায়ে হেটে প্রবেশ করেন। এলাকাটি পরিদর্শন শেষে সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, বড়হাটের আস্তানা ঘিরে রাখা হয়েছে। আমরা জঙ্গি আস্তানা এলাকা রেকি করলাম। বৈরি আবহাওয়ার কারণে নাসিরপুরে সকাল সকাল আমরা অভিযান শুরু করতে পারিনি। এখন নাসিরপুরে আবার অভিযান শুরু হয়েছে। ভবনটি দখলে নেওয়া সম্ভব হয়নি। নাসিরপুরের অভিযান শেষ করে আমরা বড়হাটে অভিযান শুরু করবো। সে লক্ষে অপারেশন পরিকল্পনা করা হচ্ছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। একটি বাড়ি মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে অবস্থিত। অন্য বাড়িটির অবস্থান শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে।
দুটি জঙ্গি আস্তানায় গতকাল ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়। অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সোয়াটও আছে।



