কুসিক নির্বাচনে হেরেছে দল, জিতেছে সরকার : ওবায়দুল কাদের

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৩২ পিএম, ০১ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক :>>>  কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে দল হারলেও সরকার জিতেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবারের কুমিল্লা সিটি নির্বাচনে ১১ হাজার ৮৫ ভোটে বিএনপির কাছে হেরে যায় আওয়ামী লীগ। এই ফলাফলের পরই স্থানীয় আওয়ামী লীগে পুরনো দ্বন্দ্বের বিষয়টিই উঠে আসে। ক্ষমতাসীন দলের একটি অংশই সীমার বিরোধিতা করেছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন একই কথা।

তিনি বলেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছে। সামনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য এটি একটি সতর্ক বার্তা। বিএনপি আর এ সুযোগ পাবে না। তবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দল হেরেছে কিন্তু সরকার জিতেছে।

সেতুমন্ত্রী বলেন, একটি বড় দল দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা করছে। উগ্রবাদী শক্তিকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাবো। উগ্রবাদীদের এ দেশের মাটিতে ঠাঁই দেয়া হবে না। আগামী জুন মাসের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করেন মন্ত্রী।

আপনার মতামত লিখুন :