বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ ,নিহত অস্ত্রধারী

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

সন্দেহভাজন বিমান ছিনতাইকারী কমান্ডো অভিযানে নিহত হয়েছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন। ওই ব্যক্তির নাম মেহেদী বলে জানা গেছে।

এর আগে এ বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছিলেন, ‘সঙ্কটের সমাধান হয়ে গেছে। গুলিবিদ্ধ একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, সেনাবাহিনী, র‌্যাব, সোয়াট সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কম্বিং অপারেশনে মাত্র আট মিনিটেই কথিত বিমান ছিনতাইকারী আটকসহ সফল অপারেশন শেষ হয়। রাত ৭টা ১৭ মিনিটে অপারেশন শুরু হয়ে ৭টা ২৫ মিনিটে শেষ হয়।’

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন।

বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী ১৪২ যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় বিকেল সাড়ে চারটার দিকে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় উড়োজাহাজটি। চট্টগ্রাম হয়ে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি বিজি-১৪৭ ফ্লাইট হিসেবে দুবাই যাচ্ছিল।

উড়োজাহাজটিতে থাকা একাধিক ক্রু ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, আকাশে ওড়ার পরপরই উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পুরো কাজটি করেন অস্ত্রধারী এক ব্যক্তি। পাইলট ও কেবিন ক্রুরা বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

আপনার মতামত লিখুন :