ছাত্রলীগ কর্মীকে টিএসসিতে বেদম পেটালো ছাত্রদল
স্টাফ রিপোর্টার:>>>
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পুনরায় নেয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন ছাত্র সংগঠন ও তাদের জোটসমূহ। এ বিক্ষোভে অংশ নিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলও। প্রায় ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে এ দাবি জানিয়ে আসছে তারা।
বিক্ষোভরত ছাত্র সংগঠনগুলো ও শিক্ষার্থীরা প্রথমে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করলেও পরে একপর্যায়ে তারা টিএসসি চত্ত্বরে যায়। একই দাবিতে বিশ্ববিদ্য্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ জানিয়ে আসছিলো ছাত্রদল।
এদিকে ভিপি পদে নির্বাচিত হওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসেন নুরুল হক নূর। সে সময় অন্যান্য ছাত্র সংগঠনগুলোও টিএসসিতে আসে।
এ সময় গণমাধ্যমের কর্মীরা নূরকে ক্যামেরার সামনে আসার আহ্বান জানিয়ে কিছু বলার অনুরোধ করেন। নূর কিছু বলা শুরু করতেই ছাত্রলীগের কর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র হাতে নূরের দিকে ছুটে আসেন। কিছু বুঝে উঠার আগেই ছাত্রলীগ কর্মীরা নূরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় তার প্যানেলের নেতাকর্মীরা।
নুরের উপর হামলার পর টিএসসিতে থাকা ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দেন। এ সময় একজন ছাত্রলীগ কর্মী ছাত্রদলের হাতে বেদম মার খান।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা ডাকসুর ভিপি (সহ-সভাপতি) পদের ফলাফল প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
প্রসঙ্গত, প্রায় তিন দশক পরে অনুষ্ঠিত এ নির্বাচনে ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয় পায় ছাত্রলীগ। ভিপি পদে ছাত্রলীগ সভাপতি রেজোওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর জয় পায়।
ছাত্রলীগের প্যানেল ছাড়া অন্য সব প্যানেল সোমবারই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও নূর ডাকসুর ভিপি পদে যোগ দেবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ডাকসু’র পুননির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং টিএসসি এলাকায় বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠনগুলো বিক্ষোভ করছে। ইউএনবি।



