খালেদার ভিশন ২০৩০ সরাসরি প্রচার ফেসবুকে !

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১১ পিএম, ১০ মে ২০১৭

স্টাফ রির্পোটার:>>>

ক্ষমতায় গেলে রাষ্ট্রপরিচালনা পদ্ধতি কী হবে সে বিষয়ে বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনা ‘ভিশন-২০৩০’ নিয়ে আসছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা প্রকাশ করবেন তিনি। দেশ-বিদেশে বিএনপির লাখো সমর্থকদের জন্য এই সংবাদ সম্মেলনটি ফেসবুকে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান  একথা জানিয়েছেন। তিনি জানান, বিকাল ৪.৩ এ রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ভিশন-২০৩০’ এর পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবেন খালেদা জিয়া। বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ফেসবুকে সরাসরি প্রচার করা হবে।

যারা ফেসবুকে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সরাসরি দেখতে চান, তাদেরকে facebook/bnp.communication পেইজ এ ঢুকতে বলেছে দিয়েছে বিএনপি।

সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ রূপরেখা অনুমোদন করা হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল, জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশন এবং বার্তা সংস্থার সম্পাদক ও প্রধান, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা গত কয়েকদিন ধরে বলে আসছেন, রাজনীতিতে নতুন ধারা ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি থাকবে ‘ভিশন-২০৩০-এ।

রূপরেখায় প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, রাষ্ট্রের এককেন্দ্রিক চরিত্র ঠিক রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার সংস্কার ও সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা; ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সুনীতি, সুশাসন ও সুসরকারের সমন্বয় ঘটানো; গণভোট ফিরিয়ে আনা; নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশনসহ সাংবিধানিক ও আধা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনা; উচ্চ আদালতে বিচারক নিয়োগসংক্রান্ত আইন করা; ২০৩০ সালের মধ্যে দেশকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা, মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি দুই অঙ্কে নেওয়ার জন্য বিএনপির পরিকল্পনায় বিস্তারিত থাকবে।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, যোগাযোগ, শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতওয়ারি পরিকল্পনাও থাকবে। দলটির নেতারা বলছেন, জনগণ ও আন্তর্জাতিক বন্ধুদের বার্তা দেওয়ার লক্ষ্যে এই রূপরেখা তৈরি করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :