সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে
দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামীকাল রবিবার বিকাল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২২ আগস্ট এ অধিবেশনের আহ্বান করেন।
এটি হবে সংসদের শরৎকালীন অধিবেশন। সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এ অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ থেকে ১০ দিন হতে পারে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
ইতিমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সপ্তদশ অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবশ্য রবিবার বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় সপ্তদশ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন গত ১৩ জুলাই শেষ হয়। ৩০ মে শুরু হওয়া ওই অধিবেশনে গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করেন। ২৯ জুন এ বাজেট পাস করা হয়। খবর বাসস।



