নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করলে আ.লীগ পালানোর পথ পাবেনা :ফখরুল
স্টাফ রির্পোটার :>>>
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী সরকারের পালাবার একমাত্র সুযোগ সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় সত্যি সত্যিই দেশের মানুষ তাদের পালাতেও দেবে না।’
সোমবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভিশন-২০৩০ ‘‘নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
সেমিনারে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের প্রবৃদ্ধি হচ্ছে শুধুমাত্র ধনী লোকদের হাজার হাজার টাকা লুট করা। অন্যদিকে গরিবরা গরিব থেকে আরও গরিব হচ্ছে, থাকছে ফুটপাতে। তারা (আওয়ামী লীগ) দেশটাকে বাপের তালুকদারি মনে করে হাজার হাজার টাকা লুট করছে, আর সাধারণ মানুষ হাততালি বাজাবে ‘আহ্ বেশ বেশ’ তা হবে না তা হবে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক এবং দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হউক বর্তমান সরকার তা চায় না। তারা জানে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না।’
নির্বাচন কমিশন গঠনের আবারও সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে। তারপরও আমরা বলেছি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সমর্থন পাবেন। সম্প্রতি ইসি একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। খুব ভাল কথা। কিন্তু নির্বাচন করতে হলে সকল রাজনৈতিক দলগুলোকে একই রাস্তায় নিয়ে আসতে হবে, সেই রাস্তা কোথায়? রোড’ই যখন নেই তখন ম্যাপে কী হবে?’
ইসির উদ্দেশ্য মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচনী পরিবেশ তৈরি করুন। অন্যথায় নির্বাচনী রোডম্যাপ স্বার্থক হবে না। সব ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে।’



