ইভিএম প্রদর্শনীতে সিলেটে ভোটারদের নানা অভিযোগ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

অনলাইন ডেস্কঃ>>>

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে সচেতনতা তৈরি করতে শনিবার সিলেট নগরীতে ইভিএম প্রদর্শনীর আয়োজন করে নির্বাচন কমিশন। এতে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলে রাত ৮টা পর্যন্ত।

 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম জানান, সিলেট জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ছয়টি বুথে নগরীর ১৭টি এলাকার ভোটারদের তথ্য সন্নিবেশিত করে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ১০টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন রাখা হয়েছে। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষসহ ছয়টি স্টল রয়েছে।

 

এদিকে পরীক্ষামূলকভাবে ইভিএমে ভোট দিয়ে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বেশ কয়েকজন ভোটার।

 

আলোকচিত্রী সাংবাদিক শহিদুল ইসলাম জানান, পরীক্ষামূলক ভোট দিতে গিয়ে তিনি বিড়ম্বনার শিকার হন। ভোট দিতে গেলে মেশিন আবার চেষ্টা করার কথা বলছে।

 

নগরীর দাড়িয়াপাড়া এলাকার আরেক ভোটার বলেন, ‘মেশিনে আমার ফিঙ্গার প্রিন্ট রিড হয়নি, অথচ ভোটার তালিকায় আমার নাম ও ভোটার নাম্বার রয়েছে।’

 

একই এলাকার মাধব কর্মকার স্মার্ট কার্ড নিয়ে গিয়েও ইভিএমের তালিকায় নিজের নাম পাননি, কাজ করেনি তার ফিঙ্গার প্রিন্টও। তিনি বলেন, ‘আমার আগের নাম্বার ও পরের নাম্বার, দুটোই তালিকায় রয়েছে, কিন্তু আমার নাম্বার তালিকায় পাওয়া যায়নি।’

 

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, সাধারণত একেকটি মেশিন সর্বোচ্চ ৫০০ ভোট গ্রহণের জন্য নির্ধারিত, কিন্তু প্রদর্শনীর সুবিধার্থে চার হাজার ভোটারের তালিকা এগুলোতে সন্নিবেশিত হয়েছে। কিছু এলাকায় তার থেকে বেশি ভোটার থাকায় সব নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাই এ ধরণের সম হস্যায়েছে। নির্বাচনে এ ধরণের সমস্যা হবে না।

 

এর আগে বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান। সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, উপ-মহা পুলিশ পরিদর্শক মো. কামরুল আহসান, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।-ইউএনবি

আপনার মতামত লিখুন :