গেমারদের নিয়ে একসঙ্গে কাজ করবে আইটি বাজার ও গিগাবাইট

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২০ পিএম, ২৪ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>

দেশের গেম শিল্প ও দেশীয় গেমারদের নিয়ে একসঙ্গে কাজ করতে উদ্যোগ নিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আইটি বাজার। গতকাল বৃহস্পতিবার গেমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের মধ্যে এক চুক্তি সই করেছে আইটি বাজার। রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে চুক্তিতে সই করেন আইটিবাজার ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা মফিজুর রহমানও গিগাবাইটের দক্ষিণ এশিয়ার সহকারী ম্যানেজার অ্যালান সু।

অ্যালান সু বলেন, এ দেশের তরুণেরা মেধাবী ও কঠোর পরিশ্রমী। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে এ দেশের গেম শিল্পের উন্নয়নে সহযোগিতা করবে গিগাবাইট।

ইজি টেকনোলজী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান টিপু বলেন, আইটিবাজার ই-কমার্স প্ল্যাটফর্ম হলেও, সব সময় নতুন ধারণা নিয়ে কাজ করে। স্থানীয় গেমের উন্নয়নে নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ বলেন, বাংলাদেশের গেমিং শিল্প খুব বড় নয়। এই শিল্প বড় করতে নানা উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মফিজুর রহমান আরো বলেন, বর্তমানে ঢাকা ও এর বাইরে থেকে পাঁচ হাজারের বেশি গ্রাহক আইটি বাজারের সেবা নিচ্ছেন। সারা দেশে এ সেবা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাঁরা।

চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেন স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, বেসিসের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট রাসেল টি আহমেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :