দেলাওয়ার হোসাইন সাঈদীর ডিভিশন চেয়ে করা আবেদন খারিজ
নিজস্ব প্রতিবেদকঃ>>>
যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু করাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য কারাগারে ডিভিশন চেয়ে করা রিট আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
কারাগারে দ্বিতীয় শ্রেণির বন্দী মর্যাদা ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা পেতে গত রোববার সাঈদীর পক্ষে ওই রিট করেন তার ছেলে শামীম বিন সাঈদী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সাঈদীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও তানভীর আহম্মেদ আলামিন।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে পৃথক দুটি আপিল দাখিল করে সাঈদী ও সরকারপক্ষ। আপিল শুনানি শেষে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এরপর ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে উভয়পক্ষই।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ ২০১৭ সালের ১৫ মে এ আবেদন খারিজ করে দেয়।



