দিনাজপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে হাইকোর্টের রুল
স্টাফ রিপোটার:>>>
দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে স্পষ্ট অক্ষরে অথবা পাঠ উপযোগী প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) লেখায় এবং হাইকোর্টের নির্দেশ না মানায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
ওই দুই চিকিৎসক হলেন-হাসপাতালটির পরিচালক ডা. সারোয়ার জাহান ও ডেন্টাল সার্জন প্রজ্ঞা পারমিতা রায়। এ সময় রুলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার স্পেশাল করেসপন্ডেন্ট হুমায়ুন কবীর চিশতীর পক্ষে তার আইনজীবী মনজিল মোরসেদ এ আবেদন করেন।
গত ৫ সেপ্টেম্বর দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হুমায়ুন কবীর চিশতীর মা লুৎফা আজাদ (৭১) চিকিৎসার জন্য যান। এ সময় ডেন্টাল সার্জন ডা. প্রজ্ঞা পারমিতা রায় তার চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র দেন।
লেখা স্পষ্ট না হওয়ায় ব্যবস্থাপত্রে উল্লিখিত ওষুধ কিনতে বিড়ম্বনায় পড়তে হয় রোগীর স্বজনদের। সব ওষুধের দোকানদার চিকিৎসাপত্রে কী লেখা রয়েছে তা চিহ্নিত করতে ব্যর্থ হন।
পরে এ ঘটনায় সাংবাদিক হুমায়ুন কবীর চিশতী তার আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় ওই দুই চিকিৎসককে আইনি নোটিশ প্রদান করেন।



