খালাফ হত্যা: সাইফুলের মৃত্যুদণ্ড কার্যকর
নিজস্ব প্রতিবেদকঃ>>>
ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছ।
গতকাল রোববার রাত ১০টা ১ মিনিটে কার্যকর করা হয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো: শাহজাহান আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ফাঁসি কার্যকর করার জন্য কারাগার এলাকায় নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।
এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা, জেল সুপার শাহজাহান আহমেদসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা কারাগারে উপস্থিত ছিলেন।
২০১২ সালের ৫ মার্চ ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে দুবৃত্তরা। পর দিন ভোরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা একটি মামলা দায়ের করে। পরবর্তীতে সেই মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত। যদিও দণ্ডপ্রাপ্ত আসামিরা পরে সেই রায়ের বিরুদ্ধেও উচ্চ আদালতে আপিল করেন।
পরে ২০১৩ সালে হাইকোর্ট আগের সেই রায়কে পরিবর্তন করে সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল, ৩ জনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে খালাস প্রদান করেন।
উল্লেখ্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা থানার খোন্তা কাটা এলাকার প্রয়াত আবদুল মোতালেব হাওলাদারের ছেলে।



