ধর্ষণ মামলার আসামী সাফাতদের অভিযোগ গঠন ১৩ জুলাই
স্টাফ রির্পোটার :>>>> রাজধানীর বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। আসামিদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এ দিন ধার্য করেন।
শুনানিতে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজন আদালতে হাজির ছিল।
উল্লেখ্য গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের পার্টিতে গিয়ে বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে ৬ মে বনানী থানায় মামলা করেন এক ভিকটিম।
আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেওয়া হয়। সেখানে তারা ধর্ষণের শিকার হন। এরপর গত ১৪ মে বনানীর রেইন ট্রি হোটেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক শফিউর রহমান অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করে।
এর আগে শনিবার, ১৩ মে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দ্য রেইন ট্রি হোটেলে অভিযান চালায়। গুলশান জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওয়াবদুল কবিরের নেতৃত্বে দলটি শনিবার বেলা সোয়া ১১টার দিকে হোটেলটি পরিদর্শনে যান। কিন্তু হোটেলেটিতে পরিদর্শন করে তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোনো ধরনের কিছুই পায়নি।
পরবর্তীতে শুল্ক গোয়েন্দারা রেইন ট্রি হোটেলে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্বার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



