ফেনীতে বাসে আগুনের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
ফেনী প্রতিনিধিঃ>>>>
ফেনীতে বোমার আগুনে দুইটি বাস পুড়ে যাওয়ার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি নঈম ঊল্যাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনসহ ২৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি হিসাবে দেখানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় এসআই নুরুল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় এই মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
এই মামলায় জেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিম, জেলা কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরী, এমএ খালেকও আসামি।
এর আগে আটক যমুনা বাস কোম্পানির পরিচালক আবুল কাশেম মিলন ও চালক আবদুল মালেক, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের মালিক চন্দন ভূমিক ও চালক হারুনুর রশিদ, ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরে সালাম মিলন ও পেয়ার আহাম্মদকে এই মামলার আসামি দেখিয়ে সন্ধ্যায় ফেনী সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয় এবং রিমান্ড চায় পুলিশ। পরে আদালত আসামিদের জেলা কারাগারে পাঠান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।



