খালেদা জিয়ার জামিন আবেদন আপিলে বহাল

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৯ এএম, ০৬ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। ফলে এ সময়ের মধ্যে কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেন খালেদা জিয়া।

পরে ওই জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৮ নভেম্বর খালেদা জিয়াকে কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে তা স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করলে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) শুনানির দিন নির্ধারণ করা হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুনদেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করেন। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

 

আপনার মতামত লিখুন :