আর্জেন্টিনার নতুন কোচ সাম্পাওলি
ক্রীড়া ডেস্ক>>>
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয়েছে দলটির কোচ এদগার্দো বাউজাকে। এখন প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন আর্জেন্টিনার নতুন কোচ? লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোদের কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন হোর্হে সাম্পাওলি। জুনে অস্ট্রেলিয়ায় ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের আগেই দায়িত্ব পেতে পারেন বর্তমানে স্প্যানিশ ক্লাব সেভিয়ার এই কোচ।
আর্জেন্টিনার কোচের পদে এক বছরও টিকতে পারেননি বাউজা। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনার হারের পর জেরার্ডো মার্টিনো সরে দাঁড়ালে গত আগস্টে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের আট ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি। এই মুহূর্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকায় পাঁচে থাকা আর্জেন্টিনার ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা অনিশ্চয়তায় পড়েছে।
শুধু দলের বাজে পারফরম্যান্স নয়, কিছু খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কও নাকি ভালো যাচ্ছিল না বাউজার। অন্যদিকে সাম্পাওলি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিয়ো মাকরি থেকে শুরু করে মেসি-মাশচেরানোদের পূর্ণ সমর্থনই পাচ্ছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও দলের প্রধান মার্সেলো তিনেলি এই সপ্তাহেই স্পেনে যেতে পারেন সাম্পাওলির সঙ্গে কথা বলতে।
এটাও ঠিক যে, সাম্পাওলিকে পাওয়া খুব একটা সহজ হবে না এএফএর। সেভিয়ার সঙ্গে আরো এক বছর চুক্তি আছে সাম্পাওলির। সেভিয়া তাকে আগেভাগে ছাড়তে ‘বাইআউট ক্লজ’ হিসেবে এএফএর কাছে দেড় মিলিয়ন ইউরো চাইতে পারে। এএফএ শেষ পর্যন্ত সাম্পাওলিকে আর্জেন্টিনার নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় কি না, সেটাই এখন দেখার।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



