হাথুরুসিংহের কাছে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ‘বড় সুযোগ’
স্পোর্টস ডেস্ক:>>>>
গত কয়েক বছরে বদলে গেছে ক্রিকেট বিশ্বের রূপ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাপক উন্নতিতে বদলে গেছে অনেক কিছুই। এখন যেমন বাংলাদেশ-ভারত ম্যাচ হলে তার উত্তেজনা ছাড়িয়ে যায় সব কিছুকে। আর সেই লড়াইটা যখন এবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে, তখন উত্তেজনার পারদ কোথায় উঠতে পারে, বলার অপেক্ষা রাখে না। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট জন্য এজবাস্টনের সেমিফাইনালটি অনেক বড় এক ম্যাচ। যদিও ম্যাচটি কোচ চন্ডিকা হারুথুসিংহের দৃষ্টিতে অন্যকিছু। ভারতের বিপক্ষে সেমিফাইনালটি ‘বড় ম্যাচ’ হিসেবে নয়, দেখতে চাইছেন তিনি ‘বড় সুযোগ’ হিসেবে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলকে বিদায় করে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশি ভক্তদের প্রত্যাশার পারদটা তাতে উঠছে আরও। শিষ্যদের চাপ কমাতেই কিনা হাথুরুসিংহে ম্যাচটিকে ‘বড়’ হিসেবে দেখছেন না। এই ধরনের মঞ্চে বাংলাদেশ যেহেতু প্রথমবার সুযোগ পেয়েছে, শ্রীলঙ্কান এই কোচ তাই সে দিকেই দৃষ্টি রাখতে বলেছেন শিষ্যদের। ভারতের বিপক্ষে ‘বড় ম্যাচ নয়, বরং নিজেদের মেলে ধরার বড় সুযোগ খেলোয়াড়দের।’-ইঙ্গিত করে ভক্তদের প্রত্যাশার চাপ কমানোর চেষ্টাই সম্ভবত করেছেন হাথুরুসিংহে।
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন সেশনের এক ফাঁকে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেছেন, ‘আমার কাছে এটা বড় কোনও ম্যাচ নয়, বরং অনেক বড় সুযোগ। যদি আমরা ম্যাচটিকে এভাবে দেখি, তাহলে সেটা আমাদের জন্যই ভালো হবে। যে কোনও ক্রিকেটার এমন সুযোগের জন্য অধীর অপেক্ষায় থাকেন। এই জন্যই খেলোয়াড়রা এই মঞ্চটা পছন্দ করে।’ তাই শিষ্যদের প্রতি তার আহ্বান, ‘সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের প্রতি আমার এটাই বার্তা থাকবে, যাতে তারা সুযোগটা দুই হাত ভরে নেয়।’
‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লেখাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা হয়তো বাংলাদেশের অনেক ভক্তের মনেও ছিল না। তাই সেমিফাইনালে যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলে? আরও বিস্ময়কর কিছু ঘটবে কিনা, ভারতীয় এক সাংবাদিকের ইঙ্গিত ছিল সেরকমই। হাথুরুসিংহে অবশ্য হতাশ করেছেন তাকে, কারণ উত্তরটা দিয়েছেন তিনি একটু ঘুরিয়ে, ‘অনেক মানুষের তো আমাদের এই জায়গাতেই রাখেনি। তবে ভারত খুব ভালো দল, তাদের হারাতে পারলে অবশ্য অনেক বড় অর্জন হবে আমাদের জন্য।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



