বিকালে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক:>>>>
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডই আজ ফেভারিটের তকমা গায়ে মেখে মাঠে নামবে।
গত ৪২ বছরে তিন বার বিশ্বকাপ ফাইনাল খেললেও ৫০ ওভারের বড় কোনও টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও একইভাগ্য বরণ করতে হয়েছে ইংলিশদের। তাই নিজেদের স্বপ্ন পূরণে সর্বোচ্চটাই দিতে মরিয়া ইংল্যান্ড।
এদিকে টুর্নামেন্টে প্রায় আলোচনাহীন ছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ানো পাকিস্তান সেমিফাইনালে স্বাগতিক দলের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।
তবে পরিসংখ্যান মাথায় নিলে ভাবতে হবে ভিন্নভাবেই। গত বছর নিজ মাঠে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। যার মধ্যে ট্রেন্ট ব্রিজে বিশ্ব রেকর্ডময় ম্যাচে ৩ উইকেটে ৪৪৪ রান করেছিল মরগানের দল!
টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত একমাত্র দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে আসা ইংল্যান্ড স্বাভাবিকভাবেই ফেভারিটের তকমা রাখা দল।
উল্টো দিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। তাই অধিনায়ক সরফরাজও জানেন প্রতিপক্ষ হিসেবে কাকে পেয়েছে পাকিস্তান, ‘ইংল্যান্ড খুব ভালো একটি দল। গত দুই বছর যাবত তারা সত্যিই ভাল ক্রিকেট খেলছে। আপনি যদি বিশ্বমানের একটি দল হিসেবে খেলে থাকেন তাহলে অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে আপনাকে অধিকতর ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



