বাংলাদেশকে বিপজ্জনক দল হিসেবে দেখছে বিরাট কোহলি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৮ পিএম, ১৪ জুন ২০১৭

স্টাফ রির্পোটার:>>>>

বদলের শুরুটা ২০১৫ সালের বিশ্বকাপ থেকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ ছাড়িয়ে গেছে আগের অর্জনকেও। এবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নাম লিখেছে মাশরাফিরা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বিশ্লেষকদের মতে ভারত ফেভারিট হলেও বদলে যাওয়া বাংলাদেশ পাল্টে দিতে পারে হিসাবের খাতা। সেমিফাইনালে লড়াইয়ের আগে তাই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশ নিয়ে খুব সতর্ক। গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে তাদের দেখে মোটেও অবাক হয়নি তিনি।

বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত। অথচ এই বাংলাদেশ শেষ চারে উঠবে, এই বাজি ধরার লোকের সংখ্যা ছিল হাতে গোনা। ক্রিকেট বিশ্ব চমকে গেলেও কোহলি কিন্তু মোটেও অবাক হয়নি। বাংলাদেশ যে পর্যায়ের ক্রিকেট খেলছে, তাতে তাদের সেমিফাইনালে ওঠাটা ‘স্বাভাবিক’ ঘটনা বলেই মনে করছেন ভারতীয় অধিনায়ক। সেমিফাইনালের আগের সংবাদ সম্মেলনে কোহলির মুখে ঝরল বাংলাদেশের প্রশংসা, ‘(বাংলাদেশকে সেমিফাইনালে দেখে) অবাক হওয়ার কিছু নেই । সত্যিই তারা তাদের ক্রিকেটে অনেক উন্নতি করেছে গত কয়েক বছরে। পুরো কৃতিত্বটা পাবে তাদের সেটআপ ও খেলোয়াড়রা, যারা এখন আরও অনেক বেশি দায়িত্বশীল ক্রিকেট খেলে।’

বাংলাদেশকে তাই মোটেও হালকাভাবে নিচ্ছেন না কোহলি। বরং ‘বিপজ্জনক দল’কে নিয়ে সতর্ক ভারতীয় অধিনায়ক, ‘তারা ভীষণ বিপজ্জনক দল। আর সেটা প্রত্যেক দলই এখন বুঝতে পেরেছে। নিজেদের দিনে বাংলাদেশ ভয়ঙ্কর। কোনও দলকেই আসলে হালকা করে নেওয়ার সুযোগ নেই, বাংলাদেশকেও নেওয়ার সুযোগ নেই।’ কেন, সেটার ব্যাখ্যাও দিলেন এই ব্যাটসম্যান, ‘গত কয়েক বছরে পারফরম্যান্স দিয়ে তারা নিজেরাই নিজেদের প্রমাণ করেছে। এমনকি গত বিশ্বকাপেও তারা ভীষণ ভালো করেছে। তাই তাদের হালকা করে নেওয়া কিছু নেই।’

তামিম ইকবাল দুর্দান্ত খেলছেন চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে রান না পেলেও আগের দুই ম্যাচে খেলেছিলেন ১২৮ ও ৯৫ রানের ইনিংস। কিউইদের বিপক্ষে আবার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ। খেলোয়াড়ের মধ্যে দায়বদ্ধতার জায়গা তৈরি হওয়ায় বাংলাদেশ বদলে গেছে বলে মনে করেন কোহলি, ‘বাংলাদেশ্ এখন সেরা আট দলের একটি, দুর্দান্ত ক্রিকেট খেলছে। তাদের এমন অনেক খেলোয়াড় আছে, যারা দারুণ দক্ষ, দেশের প্রতি দায়বদ্ধ এবং জয়ের জন্য নিজেদের সেরাটা উজার করে দিতে প্রস্তুত। আর এগুলো তাদের অঙ্গভঙ্গিতেই প্রকাশ পায়।’

বাংলাদেশের বিপক্ষে নামার আগে কোহলি এটাও জানিয়ে রাখলেন, ‘বাংলাদেশ এখন পরিপক্ব এক দল। কীভাবে জিততে হয়, সেটা খুব ভালো করে জানে। হ্যাঁ, তারা এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলও।’ আইসিসি ওয়েবসাইট

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :