ক্রিকেট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া!

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২২ পিএম, ০৪ জানুয়ারি ২০১৭

স্পোর্টস আপডেট ডেস্ক – ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় বাংলাদেশ সফরে আসেনি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। ওই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল তাদের। এরপর অবশ্য সূচিটি নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।সেই ভাবনাটা বোধ হয় শেষ হয়েছে অসিদের। অবশেষে বাংলাদেশের বিপক্ষে সেই টেস্ট দুটি খেলতে আগ্রহী তারা। সম্ভাব্য তারিখও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখনকার মতো হলেই কিনা চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

বুধবার এবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জেমস সাদারল্যান্ড বলেন,‘চলতি বছর এ সফর হওয়ার সম্ভাবনা বেশি। আমরা গত বছর যেটা দেখলাম, ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। সেখানে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমরা সেখানে আমাদের নিরাপত্তাপ্রধান শন ক্যারলকে পাঠিয়েছিলাম। সাত থেকে দশ দিনের মতো বাংলাদেশে থেকে সে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং নিরাপত্তাব্যবস্থা দেখে স্বস্তি প্রকাশ করেছে।’

‘এ মুহূর্তে আমি বলতে পারছি আমরা সেখানে দুটি টেস্ট খেলতে যাব। আজ ও আগামীকালের মধ্যেই আবার কিছু একটা হতে পারে। আমরা নিবিড়ভাবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’- যোগ করেন সাদারল্যান্ড।

২০০৬ সালের পর বাংলাদেশে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। গত বছর আসার কথা থাকলেও দেশটির সরকার থেকে ‘নিরাপত্তা ঝুঁকির’ সতর্কতা দিলে ক্রিকেট অস্ট্রেলিয়া দল পাঠাতে অপারগতা প্রকাশ করে। শুধু জাতীয় দল নয়, ২০১৬ সালে যুব বিশ্বকাপেও বাংলাদেশে দল পাঠায়নি অস্ট্রেলিয়া।

জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমি মনে করি সফরটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমাদের জন্য নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড়। ক্রিকেটার, স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা নিশ্চিতের পরই আমরা সেখানে যাব। আমরা নিরাপত্তা নিয়ে কোনো আপস করব না।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :