অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়
স্পোর্টস ডেস্ক:>>>>
উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। আনন্দে হাসছে লক্ষ-কোটি ক্রিকেটপ্রেমী। ‘ বহু প্রতীক্ষার, বহু আশার ফল ঘরে তুলেছে লাল-সবুজের পতাকাবাহীরা। গড়েছে নতুন ইতিহাস। জুটেছে হাজারও বাহবা। হবে না কেনো, আজকের আগে ওজিদের বিপক্ষে চারটি টেস্ট খেলে, চারটিতেই হেরেছে বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়া বধের গল্প লিখল টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশে। আজ বুধবার টেস্টের চতুর্থ দিনেই তাইজুলের আঘাতে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। ২০ রানের জয় তুলে নেয় টাইগাররা।
মিরপুরে আজ সকাল থেকেই টাইগার বোলারদের চেষ্টা ছিল ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ জুটি ভাঙার। তবে কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এর মধ্যেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজের শতক তুলে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার।
অবশেষে ৪২তম ওভারে সেই ওয়ার্নারকেই ১১২ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। থামে ওয়ার্নার ঝড়। এর মধ্যে অবশ্য দলকে বেশ শক্তিশালী ভিতে দাঁড় করিয়ে দেন ওয়ার্নার। কিন্তু এরপর অজি শিবিরে আবারও আঘাত হানেন সাকিব। এবার অধিনায়ক স্টিভেন স্মিথকে মুশফিকের ক্যাচে পরিণত করেন তিনি।
সাকিবের পর দৃশ্যপটে হাজির হন তাইজুল ইসলাম। ওয়ার্নারের আউটের পর ক্রিজে জমে যাওয়া পিটার হ্যান্সকম্বকে সাজঘরে ফেরান তিনি। এরপর অস্ট্রেলিয়া শিবিরে আবারও আঘাত হানেন সাকিব। এবার ওয়েডকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ওয়েডের পর ক্রিজে নামা অ্যাগারকেও বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল ইসলাম। নিজের বলে নিজেই ওয়েডের ক্যাচ লুফে নেন তিনি। লাঞ্চ বিরতির পর অজিদের বিপদ আরও বাড়িয়ে দেন সাকিব। শেষ ভরসা হিসেবে টিকে থাকা ম্যাক্সওয়েলকে সরাসরি বোল্ড করেন তিনি। কিন্তু এরপর বাংলাদেশ শিবিরে ভয়ে ধরান কমিন্স ও লায়নের জুটি। অবশেষে লা্য়নকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে ফেলেন মিরাজ।
লায়ন ফিরে যাওয়ার পর ব্যাট হাতে ছোটখাটো ঝড় তুলে আবারও টায়গারদের মনে কাঁপন ধরিয়ে দেন কমিন্স। তবে সেই ভয় বেশিক্ষণ স্থায়ী হতে দেননি টাইগার বোলাররা। শেষ ব্যাটসম্যান হিসেবে কমিন্সকে সঙ্গ দেওয়া হ্যাজেলউডকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশের জয় নিশ্তি করেন তাইজুল ইসলাম।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



