শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকার হাত ভাঙল ‘বখাটে’
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>>
শ্রেণিকক্ষে পাঠদানের সময় মিসফা সুলতানা (২৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে এক বখাটে। ওই শিক্ষিকা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বখাটের নাম আহসান উল্লাহ টুটুল বলে জানা গেছে।
যন্ত্রণায় কাতর শিক্ষিকা মিসফা সুলতানা ঢাকাটাইমসকে জানান, এ বখাটেকে তিনি চেনেন না। তবে পথে দেখেছেন। আসা যাওয়ার পথে ওই বখাটে তাকে উত্যক্ত করত। তবে, তার দিকে ফিরে থাকাতেন না। কিন্তু হঠাৎ সে আজ সকালে শ্রেণিকক্ষে ঢুকে খুন্তি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে শিক্ষিকাকে। এ সময় ছোট ছোট শিক্ষার্থীরা ভয়ে ছুটোছুটি ও কান্না করতে থাকে।
শিক্ষিকার পিতা মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, মিসফা প্রতিদিনের মতো স্কুলে ক্লাস নিচ্ছিল। এ সময় ওই এলাকার আহসান উল্লাহ টুটুল নামে এক যুবক ক্লাসে ঢুকে খুন্তি দিয়ে পিটিয়ে আমার মেয়ের দুই হাত ও বাম পা ভেঙে দিয়েছে এবং গলায় আঘাত করেছে।
আমার মেয়েকে সে দৌড়ে দৌড়ে মেরেছে। নিজেকে রক্ষায় মিসফা প্রধান শিক্ষকের রুমে আশ্রয় নিলেও সেখানে গিয়েও ওই আমার মেয়েকে মারাত্মকভাবে জখম করেছে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে সেখান থেকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জিএস নিউজকে জানান, পটিয়া থেকে আহত অবস্থায় মিসফা সুলতানা নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ভর্তি করা হয়েছে। তাকে ক্লাসে ঢুকে এক বখাটে মারধর করেছে বলে জানা গেছে। বর্তমানে চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।



