বগুড়ায় বাস উল্টে নিতহ ৩, আহত ৩৫
বগুড়া প্রতিনিধি>>>
বগুড়ার শেরপুর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন।নিহতরা হলেন – গাইবান্ধার সাঘাটা উপজেলার মণ্ডলপাড়ার মো. তারেক (২৭), মো. করিম (২৫) ও খেয়ারঘাট এলাকার সাইফুল ইসলাম (৩৫)।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, উপজেলার সীমাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে রোববার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নিউ শেফা পরিবহনের একটি বাস সীমাবাড়ী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। বাসটি মহাসড়কের পাশে উল্টে পড়লে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৩৫ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে।
শেরপুর থানার ওসি বলেন, ‘শেরপুর ও রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বাসটি উদ্ধার করে। এ সময় বাসচালক ও সহকারীকে পাওয়া যায়নি।’



