মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় অরক্ষিত ক্রসিংয়ে নিহত ৫।
স্টাফ রির্পোটার: গাজীপুরের কালিয়াকৈরে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে একটি প্রাইভেট কারে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈরের নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এস আই মো. রাসেল জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভারতগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেটকারটি ছিটকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়।
ওই গাড়ির চালক, দুই নারী এবং দুটি শিশু ঘটনাস্থলেই মারা যায় বলে এসআই রাসেল জানান।
রেল লাইন বন্ধ থাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর ও দক্ষিণবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে জয়দেবপুরের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান।



