ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ
ফেনী প্রতিনিধি : ফেনী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিবুল্লাহ মানিককে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচী পালনের সময় শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আবু তাহের জানান, পুরো দেশটা পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। বর্তমানে দেশে গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধিকার নেই। জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী মানিককে মিছিল থেকে পুলিশ ধরে নিয়ে যায়। তার বিরুদ্ধে যত মামলা রয়েছে সবগুলো মামলাই রাজনৈতিক মামলা। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গাজী হাবিবুল্লাহ মানিকের বিরুদ্ধে হত্যা, গাড়ি ভাংচুর, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ২২টি মামলা রয়েছে। তম্মধ্যে ১০টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।



