বাংলাদেশের বিমা খাতের ভবিষ্যত ভালো: অর্থমন্ত্রী

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৪ এএম, ০১ মার্চ ২০১৮

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বিমা খাতের ভবিষ্যত ভালো বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।মঙ্গললবার সচিবালয়ে সাধারণ বিমা কর্পোরেশনের ২০১৬ সালের লভ্যাংশ চেক গ্রহণকালে তিনি এমন মনোভাব প্রকাশ করেন।

অনুষ্ঠানে  ৪০ কোটি টাকার লভ্যাংশ চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিমা খাতের উন্নয়ন চায়। অতীতে বিমা খাতে রেগুলেশনের অভাব ছিল। এখন রেগুলেশনের অধীনে আসছে, এটা ভালো। তবে এখনও বীমা খাত পরিপক্ক নয়। অনেক অভিযোগ আছে-বিমা পায় না, ক্লেইম ঠিক মত দেওয়া হয় না। তবে বিমা খাতের ভবিষ্যত ভালো।

তিনি বলেন, সাধারণ বিমা খাত স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে। ব্যবসা বাড়ছে, সাধারণ বিমাও বাড়ছে।

তিনি বলেন, জীবন বিমার বিষয়টি আলাদা। অন্যভাবে বাড়াতে হয়। জীবন বিমার কোম্পানি রয়েছে ৪৬টি। আমাদের দেশে অবশ্য কোম্পানির সংখ্যা বেশি। ব্যাংকের সংখ্যা বেশি, জীবন বিমার সংখ্যাও বেশি। আমাদের দেশে হুজুগে হয়ে যায়। তবে ভয়ের কোনো কারণ নেই। সরকারের মনিটরিং আছে।

উল্লেখ, স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে সাধারণ বীমা কর্পোরেশন রাষ্ট্রায়াত্ব নন লাইফ বিমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পায়। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি ২৮ কোচি ৫৪ লাখ ৪০ হাজার টাকা মুনাফা করেছে। এর মধ্যে  ৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার আয়কর প্রদান করা হয়েছে। ঐ বছরে ২০০ কোটিরও বেশি বিমা ও পুনঃবিমা দাবির পরিশোধ করেছে সাধারণ বীমা কর্পোরেশন।

আপনার মতামত লিখুন :