চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক চারটি সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ চকরিয়ার মাতামুহুরী সেতু ছাড়াও দোহাজারীর সাঙ্গু, চন্দনাইশের বরগুনি ও পটিয়ার ইন্দ্রপুল সেতু পুনঃনির্মাণ হবে। এ চারটি সেতু নির্মাণ করতে ৩৬০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ পূর্বক বরাদ্দ চাওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের সড়কের পাশাপাশি সেতুগুলো নির্মাণ করা হবে চারলেনের।
এদিকে লোড ক্যাপসিটির অধিক পণ্যবোঝাই যানবাহন চলাচলের কারণে নির্দিষ্ট মেয়াদের আগেই মাতামুহুরী সেতু চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচল বন্ধ করতে সওজের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা না নেয়ায় সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া জানান। তিনি বলেন, অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচল বন্ধে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি।
সরজমিন ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, চকরিয়ায় মাতামুহুরী সেতুটি নির্মাণ হয় ১৯৬০ সালে। এই সেতুর মেয়াদ ১’শ বছর ধরা থাকলেও ইতিমধ্যেই সেতুটির বিভিন্ন স্থানে ভেঙে ও দেবে গেছে। ফাটল ধরেছে কয়েকটি স্থানে। সেতুর ঠিক মাঝখানে বড় ধরনের গর্ত হওয়ায় পাটাতনের মাধ্যমে জোড়াতালি দিয়ে যান যোগাযোগ চালু রাখলেও যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো সেতুতে উঠলেই কেঁপে উঠায় আতঙ্কে ভোগেন যাত্রীরা। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবন-ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে লাখো মানুষ। এসব সমস্যার পাশাপাশি সম্প্রতি সেতুর পিলারও দেবে যাওয়ায় ও ফাটল ধরায় বালির বস্তার ঠেস দিয়ে রাখতে হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ)।
অপরদিকে, দোহাজারীর সাঙ্গু, ইন্দ্রপুল ও বরগুনি সেতুগুলোও নির্মাণ হয় অন্তত ৬০ বছর পূর্বে। সড়ক প্রশস্ত হতে যাওয়ায় এই তিনটি সেতু পুনঃনির্মাণ জরুরি হয়ে পড়ে।
সড়ক ও জনপথ অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া আমাদের কে বলেন, মাতামুহুরী, সাঙ্গ, ইন্দ্রপুল ও বরগুনি সেতু চারটি পুনঃনির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই সেতুগুলো চারলেন বিশিষ্ট হবে। লোড ক্যাপাসিটির অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলের কারণে মেয়াদের আগেই সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, সওজের পক্ষ থেকে আমাকে বিষয়টি মৌখিকভাবে জানানোর পর ট্রাফিক পুলিশের ওসিকে বলেছি মাতামুহুরী সেতু দিয়ে ১০ টনের অধিক পণ্য বোঝাই যানবাহন চলাচল রোধ করতে।
তিনি বলেন, মাতামুহুরী সেতুটি এখন ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে যান চলাচল করছে। তাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জরুরি ভিত্তিতে মাতামুহুরী সেতু নির্মাণ করার লক্ষ্যে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।



