চবির শিক্ষক মাইদুলের জন্য ঢাবি-জাবির অভিনব প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক:>>>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। কর্মসূচি পালানের ঘোষাণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
এছাড়াও সোমবার রিমান্ড আদেশের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং লেখক-এক্টিভিস্টরা।
আইসিটি মামলায় মাইদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে সোমবার ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী ও ‘স্বাধীন শিক্ষক’দের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিলের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর একটায় অপরাজেয় বাংলার সামনে থেকে এই মিছিল শুরু হবে।
অন্যদিকে রিমান্ড আদেশের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা চলাকালে এ কর্মসূচি পালন করেন তারা। পরে তারা সমাজবিজ্ঞান অনুষদের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে নিয়ে সরকার প্রধানের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগ তুলে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রামের হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মাইদুল ইসলাম।
আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে নিন্ম আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এরপর পুলিশের আবেদনের ভিত্তিতে সোমবার ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।



