ছাত্রী হোস্টেলে হামলার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে সন্ত্রাসী হামলা ও লাঞ্ছনা, ভাঙচুর, লুটপাট, ছাত্র মারধরের ঘটনায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, শুক্রবার কটন টেক্সটাইল ক্রাফটস লিঃ এর কিছু সন্ত্রাসী গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে ভাঙচুর ও লুটপাটের পর গণস্বাস্থ্য কেন্দ্রস্থ গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে হামলা করে। ভয়ভীতি দেখিয়ে ছাত্রীদের হোস্টেল থেকে বের করে দেয়। এ সময় সন্ত্রাসীরা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও লাঞ্ছিত করে এবং ছাত্রীদের বই খাতা ও শিক্ষা উপকরণ নষ্ট করে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র লিমনকে মেরে হাত ভেঙ্গে দেয়। এ কারণে কিছু ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং গতকালের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা থাকলেও তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।

মানববন্ধনে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু ও ছাত্র সংসদের উপদেষ্টা মীর মুর্তজা আলী বক্তব্য দেন।

বক্তারা ছাত্রীনিবাসে এ ধরণের হামলার নিন্দা ও হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শুক্রবার সাভারের মির্জানগর এলাকায় ১৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত স্বনামধন্য পিএইচএ ভবন অবৈধভাবে মালিকানা দাবি করে কটন টেক্সাটাইল ক্রাফটস লিমিটেড নামের ব্যানার ঝুলিয়ে দেয় বহিরাগতরা। এ সময় ভবনে ভাঙচুর, মূল্যবান মালামাল লুট, হোস্টেলে থাকা নারী শিক্ষার্থীদের মারধর ও গাছপালা কেটে ফেলে সন্ত্রাসীরা। বাঁধা দিতে গেলে তাদের বেশ কয়েক জন শিক্ষার্থীকে মারধর করা হয়। কিন্তু এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ করতে গেলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ।

আপনার মতামত লিখুন :