চাকরিতে প্রবেশের বয়স ৩৫ দাবিতে বিক্ষোভ

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ এএম, ০৩ নভেম্বর ২০১৮

স্টাফ  রির্পোটারঃ>>>>>>>>

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ থেকে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর নানা যুক্তি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্যাটাগরিতে অভিজ্ঞতার আলোকে অবসরের বয়স ৫৯ বছর এবং প্রতিবন্ধী, আদিবাসী, নারী, জেলাসহ সকল কোটার গ্রহণযোগ্য পুনির্বিন্যাসের দাবি জানানো হয়েছে এ সমাবেশ থেকে।

ছাত্র পরিষদের সভাপতি মো. আল আমিন রাজু বলেন, প্রাথমিক পর্যায়ে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স এখন ছয় বছর। ফলে কোনো শিক্ষার্থী ১৬ বছর বয়স হওয়ার আগে এসএসসি পাস করতে পারবে না। তাছাড়া স্নাতক ও সম্মান শ্রেণির লেখাপড়ার সময় এক বছর করে বাড়িয়ে যথাক্রমে তিন বছর ও চার বছর করা হয়েছে। চিকিৎসা পেশায় প্রবেশের বয়সসীমা ৩২ করা হয়েছিল, কারণ তাদের আগে থেকে চার বছরের স্নাতক কোর্সে পড়তে হচ্ছে। অন্যদের স্নাতক ও সম্মান কোর্সের মেয়াদ এক বছর করে বাড়ানো হলেও চাকরিতে প্রবেশের সময় বাড়ানো হয়নি।

কারণ আইনের মারপ্যাঁচে সীমাবদ্ধ সুযোগের কাছে পরাজিত হচ্ছে আমাদের অর্জিত বিদ্যা। নানা প্রতিবন্ধকতাকে জয় করে পড়াশোনা শেষে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আগে অন্ধকারে ঢেকে যাচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরে সীমাবদ্ধ থাকার কারণে এমনটা হচ্ছে।

তাছাড়া সেশনজট, রাজনৈতিক অস্থিরতা, পিএসসির যথাসময়ে নিয়োগ পরীক্ষা নিতে না পারাসহ বিভিন্ন কারণ দেখিয়ে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম সেলিম বলেন, শিক্ষিত তরুণদের জাতির জন্য অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে গড়ে তুলতে তাদের সামনে চলার পথকে কণ্টকমুক্ত করতে হবে। চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩৫ বছর করতে হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অর্ধশতাধিক চাকরিপ্রত্যাশী বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

আপনার মতামত লিখুন :