চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশে গৃহয়ণ ও গণপূর্তমন্ত্রী ও পুলিশের আইজিপি
দিলদার হোসেন স্বপন, ফেনী থেকেঃ>>>>>
গৃহয়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সবাই সজাগ থাকলে কোন দিন সন্ত্রাস হতে পারে না। ৫ জানুয়ারীতে সন্ত্রাস হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডতে কিন্তু কোন সন্ত্রাস হয়নি মিরসরাইতে। কারন এখানে সবাই সজাগ ছিল তাই। আমরা সন্ত্রাস চাই না। নেত্রী উন্নত বাংলাদেশের কথা বলেছেন, সেই উন্ন দেশ হবে কেউ এখানে অশিক্ষিত থাকবে না, সবাই সুশিক্ষিত হবে। কেউ বেকার থাকবে না, সবাই চাকুরী পাবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন সেখছি । ইনশাল্লাহ তা বাস্তবায়ন করতে পারবো।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
কমিউনিটি পুলিশের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, পুলিশ-জনতা যদি বন্ধু হয় তাহলে সমাজে অপরাধ আর থাকবে না। এজন্য পুলিশকে আরও জনবান্ধব হতে হবে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আর কোন বাহিনীর প্রয়োজন হয়নি। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ক্ষেত্রে পুলিশের একার ভূমিকাই প্রশংসনীয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর শফিকুল ইসলাম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনীতিক সহ কমিউনিটি পুলিশের প্রায় দশ হাজার সদস্য।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই। ইসলামের কথা বলে জামায়াত বার বার দেশ ধ্বংসের পাঁয়তারা করছে। ২০১৩ সালে এ সন্ত্রাসী দল দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে, ১৬ জন পুলিশকে হত্যা করেছে। এ সন্ত্রাসী দল এবং এর দোসরদের বাংলার মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই।
পুলিশ জনতা একসাথে কাজ না করলে সমাজের সমস্যা দূর হবে না। সমাজে মানুষের শান্তির জন্য প্রয়োজন নাগরিক এবং পুলিশের পারস্পরিক আস্থার। আর এক্ষেত্রে সেতু বন্ধন হিসেবে কাজ করবে কমিউনিটি পুলিশ। জনগণকে পুলিশের ওপর ভরসা রাখতে হবে। পুলিশ তার যথাযথ ভূমিকা রাখলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে।



