রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রাজধানী মস্কোতে দুর্নীতি বিরোধি একটি বিক্ষোভ মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় তার পদত্যাগ দাবি করে সে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
দেশব্যাপী বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয় যেখানে হাজার হাজার লোক রাস্তায় নেমে তাদের ক্ষোভ প্রদর্শন করেন। তবে দেশের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ মিছিল করতে দেয়নি সরকার।
বিশেষ করে মস্কোতে অসংখ্য পুলিশ নামানো হয় রাস্তায়।
প্রধান বিরোধীদলীয় নেতাসহ কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। টিভিতে দেখানো কয়েকটি ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন-‘পুতিনের পতন হোক’, ‘পুতিনকে চায় না রাশিয়া’, ‘পুতিন একজন চোর’ ইত্যাদি।
রুশ প্রধানমন্ত্রী বিভিন্ন এনজিওর আড়ালে বিভিন্ন ব্যক্তিগত সম্পতি হস্তগত করেছেন বলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে দেশব্যপী বিক্ষোভ সমাবেশ ডাকেন নাভালনি।
কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রুশ আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছিল নাভালনি। কিন্তু কয়েকদিনের মাথায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং সে মামলায় তাকে অপরাধী সাব্যস্ত করা হয়।
যার ফলে নির্বাচনে লড়া তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। তবে নিরপেক্ষ সমালোচকদের মত হচ্ছে নাভালনির বিরুদ্ধে মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল।- বিবিসি



