রেলের মাধ্যমে চীনের সঙ্গে যুক্ত হচ্ছে নেপাল
অনলাইন ডেস্ক:
রেলের মাধ্যমে চীনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নেপাল। সোমবার এ বিষয়ে চীন সফররত নেপালি প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের সঙ্গে বৈঠক হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। নেপালের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে শিগরিগিরই কাজ শুরু করবে চীন।
নেপালি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গোবিন্দ আচার্য এ তথ্য জানান।
বর্তমানে সাত দিনের চীন সফরে রয়েছেন নেপানি প্রধানমন্ত্রী। সোমবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে ৩৫ মিনিটের বৈঠক হয় তার। বৈঠকে তারা রেল যোগাযোগ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কথা বলেন।
বৈঠকে চীনা প্রেসিডেন্ট নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা এবং রেল যোগাযোগসহ দেশটির অবকাঠামো উন্নয়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি চীন ও নেপালের মধ্যে প্রধান বাণিজ্য রুট তাতোপানি আবার খুলে দেয়া নিয়েও আলোচনা করেন। ২০১৫ সালের ভূমিকম্পে রুটটি ক্ষতিগ্রস্ত হয়।
দুই দেশের মধ্যে আগে স্বাক্ষরিত হওয়া সমঝোতা স্মারক ও চুক্তিগুলো নিয়ে শি’র সঙ্গে আলোচনা করেন দহল। তিনি ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনে সহায়তা দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, নেপালে ভূমিকম্প-পরবর্তী চলমান পুনর্গঠন কার্যক্রমে প্রধান সহায়তাকারী চীন।
গত বছরের মার্চে নেপাল ও চীন ঐতিহাসিক বাণিজ্য, ট্রানজিট ও মুক্তবাণিজ্যসহ ১০টি পৃথক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত করে। তবে চুক্তিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। নেপাল এগুলো নিয়ে চীনের সাথে আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেনি। শিগগিরই এসব বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে বলেও আশা প্রকাশ করেছে চীন।



