উত্তর কোরিয়ার সমুদ্রসীমায় অবস্থান করা মার্কিন যুদ্ধ জাহাজটিকে যেকোন সময় ধ্বংস করার হুমকি
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসনকে যে কোনও মুহূর্তে ডুবিয়ে দিতে তৈরি বলে জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বিপ্লবী সেনাবাহিনীর সক্ষমতা কতটা, মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার হাতেনাতে তার প্রমাণ দেয়া হবে বলে হুমকি দিয়েছে দেশটি।
উত্তর কোরিয়া একের পর পরমাণু বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালাতে থাকায় ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। তার প্রেক্ষিতেই মার্কিন নৌসেনার কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের দিকে পাঠিয়েছে আমেরিকা। জাপানের নৌসোনাও সেই মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দিয়েছে। তার পরই রোববার ফের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া।
কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে কিছু জানায়নি। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স শনিবার জানিয়েছেন, ‘কয়েক দিনের মধ্যেই’ কোরীয় উপকূলের কাছে পৌঁছুচ্ছে নৌবহরটির। পেন্সের এই মন্তব্যের পর ২৪ ঘণ্টাও কাটতে দিলেন না কিম জং-উন।
আজ রোববার উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির মুখপত্র রডং সিনমুনে লেখা হয়েছে, ‘একটা মাত্র আঘাতেই যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটিকে ডুবিয়ে দিতে আমাদের বিপ্লবী সেনাবাহিনী প্রস্তুত।’
ইউএসএস কার্ল ভিনসনে যে আঘাত হানা হবে, তাতে গোটা বিশ্ব হাতেনাতে প্রমাণ পাবে, উত্তর কোরিয়া সেনাবাহিনীর সক্ষমতা ঠিক কতটা। এমন কথাও লেখা হয়েছে কোরীয় সংবাদপত্রটিতে।
কোরীয় উপদ্বীপের দিকে যে মার্কিন নৌবহরটি এগোচ্ছে, সেটির সঙ্গে যুক্ত হয়েছে জাপানি নৌসেনার দু’টি যুদ্ধজাহাজও। পশ্চিম প্রশান্ত মহাসাগরের বুকে জাপান ও যুক্তরাষ্ট্র যৌথ মহড়া চালাবে। মার্কিন নৌসেনা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে তেমনই একটি যৌথ মহড়া শেষ করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়েই যে কিম জং-উনকে ঘিরে ফেলা হচ্ছে, উত্তর কোরিয়ার কাছাকাছি এলাকায় পর পর দুই মহড়া দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সে কথাই বুঝিয়ে দিতে চাইছে বলে ওয়াকিবহাল মহলের মত। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান দেখেও সুর কিন্তু নামাচ্ছেন না কিম জং-উন। পরমাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা কিছুতেই থামানো হবে না বলে জানিয়েছে পিয়ংইয়ং। রোববার জানানো হল, মার্কিন নৌবহরে যে কোনও মুহূর্তে আঘাত হানতেও উত্তর কোরিয়া তৈরি।
কিম বার বার পরমাণু হামলার হুমকি দিলেও আমেরিকা অবশ্য পিছু হঠছে না। উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্র ও এর এশীয় সহযোগীদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে বলে ওয়াশিংটন জানিয়েছে। তাই পরিস্থিতির মোকাবিলা করতে তারাও এবার বদ্ধপরিকর।



