মৈত্রীর বাণী ছড়াতে কলকাতা থেকে সাইকেলে চেপে শহীদ মিনারে
স্টাফ রির্পোটার:ঘঁড়ির কাঁটায় তখন বেলা বারোটা। শহীদ মিনারের ঘোষণা মঞ্চ থেকে উচ্চারণ করা হচ্ছে- ‘একটু পরেই মৈত্রীর বাণী ছড়াতে কলকাতা থেকে সাইকেল চালিয়ে আসা ১৭ তরুণ-তরুণী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন’।
তখনি উপস্থিত সবার দৃষ্টি খুঁজতে থাকে তাদের। ভারত থেকে এসে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন তারা। শ্রদ্ধা নিবেদনের পর থেকে তাদের সঙ্গে সেলফি তোলার হিড়িক চলছে পুরো শহীদ মিনার এলাকায়। কেউবা আবার হাতে হাত রেখে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
এসব তরুণরা বাংলাভাষাকে কতোটা আপন করে নিয়েছেন তা বোঝা যায় তাদের টি-শার্টে লেখা স্লোগান দেখে। সেখানে লেখা ছিল- বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক। এছাড়া ছিল- ‘উৎসব-পার্বনে, ভাষার টানে, শেকড়ের সন্ধানে’।
দলের আরেক সদস্য আনোয়ার সমুদ্র বলেন, আমরা সুদূর ভারত থেকে শুধুমাত্র বাংলাকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের জাতিগত ভিন্নতা থাকলেও ভাষার ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই। আমাদের ভাষাগত যে মৈত্রীর বন্ধন তা আজীবন অটুট থাকবে বলে মনে করেন তিনি।
১৭ তরুণ-তরুণীর এ কর্মসূচিতে সহায়তা করেছে পর্যটন বিচিত্রা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন।



