ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জি এস নিউজ ডেস্ক:মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও মন্ত্রিপরিষদের সদস্য ও দলের শীর্ষ নেতাদের নিয়ে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
রাত ১১টা ৪৯ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ সময় তাকে স্বাগত জানান।
১১টা ৫২ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি পৌঁছালে তাকে প্রধানমন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর একে বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় প্রধান রওশন এরশাদ।
রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী শীর্ষ কর্মকর্তা-নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সর্বস্তরের জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় ফুল নিয়ে জনতার ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে।



