বাদশাহর আমন্ত্রণে দুই দিনের সফরে আজ সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী
জিএস অনলাইন ডেস্কঃ>>>
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
এই সফরে প্রতিরক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের সহযোগিতা বিষয়ে দুইটি সমঝোতা স্মারক সই হবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে।
অতিথি ভবন পদ্মায় সোমবার বিকালে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ তথ্য নিশ্চিত করেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক ও এ সময়ে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে ঢাকা থেকে সরাসরি রিয়াদ যাবেন।
বুধবার তিনি রিয়াদে সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকে মিলত হবেন। এদিন রাতেই প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদিনা গমন করবেন। তারপর মদিনা থেকে তিনি মক্কা যাবেন এবং রাতে পবিত্র ওমরাহ পালন করবেন। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের জন্য সম্প্রতি ক্রয় করা জমিতে নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৯ অক্টোবর) জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ইসলামী সামরিক জোটে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরব আয়োজিত মাসব্যাপী (১৮ মার্চ-১৬ এপ্রিল) একটি যৌথ মহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ করে। এ মহড়ায় ২৩টি দেশ অংশগ্রহণ করেছিল। সৌদি সরকারের আমন্ত্রণে ওই মহড়ার সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।



