মঙ্গলবার সুইডেন সপরে যাবে প্রধানমন্ত্রী
জিএস নিউজ ডেস্ক:>>>>
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৩জুন) সুইডেনে যাচ্ছেন শেখ হাসিনা।
পথে লন্ডনে তিনি যাত্রাবিরতি দেবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিদাতা অন্যতম এই দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে থাকছেন ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
মাঝপথে লন্ডনে নেমে ব্রিটেনের সংসদ সদস্য পদে সদ্য পুনর্নির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।
এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গে তার দেখা হবে।
১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম সমর্থন দেওয়া ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম সুইডেন। এবছর ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরপূর্তির উৎসব হয়েছে।
সুইডেনের সুপরিচত রিটেইলার ব্রান্ড এইচঅ্যান্ডএম বাংলাদেশের কাছ থেকে বছরে ৫০০ কোটি ডলারের তৈরি পোশাক কেনে। দেশটির বাজারে রপ্তানিতে সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে, দেশে বিনিয়োগ আসবে এবং অভিবাসন, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ শান্তি মিশন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলার ক্ষেত্রে সম্পর্ক জোরদার হবে।
সফর শেষে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী।



