এই বছরে ঢাকায় গাড়ি নেমেছে এক লাখেরও বেশি: সংসদে ওবায়দুল কাদের।
স্টাফ রির্পোটার:>>>>
চলতি অর্থ বছরে (২০১৬-১৭) রাজধানীতে নতুন এক লাখের বেশি গাড়ি নেমেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ওবায়দুল কাদের তার জবাবে বলেন, ‘চলতি অর্থ বছরে ঢাকায় এক লাখ ১০ হাজার ১৮টি গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। গত ৩১ মে পর্যন্ত ঢাকায় মোট গাড়ির সংখ্যা ১১ লাখ ২৫ হাজার।’
সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭ এ পরিবার প্রতি কয়টি গাড়ি রাখা যাবে তার বিধান রাখা হচ্ছে।’
সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সরকারের বাস্তবধর্মী পরিকল্পনায় দুর্ঘটনা কমছে। পুলিশ রিপোর্ট অনুযায়ী ২০০৮ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিলো ৪ হাজার ৪২৭টি এবং ২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ২ হাজার ৫৬৬টি।’
বেগম পিনু খানের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলতি বছরের প্রথম ৪ মাসে (জানুয়ারি থেকে এপ্রিল) ৯২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৮৮৮ জন নিহত ও ৭১৬ জন আহত হয়েছেন।’
মন্ত্রী জানান, ‘জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ এর অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ। সড়ক দুর্ঘটনারোধে গৃহীত বিভিন্ন প্রকল্প, কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরফলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা কমছে।’



