সংসদে অনেক কাঠখড় পুড়িয়ে এসেছি || নিজাম হাজারী

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

নিজস্ব প্রতিবেদক:: ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে সংসদে তলব করার দাবি জানান সরকারদলীয় এই সাংসদ নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, ‘অবজারভার পত্রিকায় আমাদের মানসম্মান নিয়ে কথা বলা হয়েছে। আমাদের ড্রাগ ডিলার বলা হয়েছে। আমরা হুট করে এই সংসদে আসিনি। অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসেছি। এটার কোনো তথ্যপ্রমাণ যদি উনি দিতে পারেন, তাহলে এই সংসদ থেকে জুতার মালা গলায় পরে বেরিয়ে যাব।’
নিজাম হাজারী বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে পত্রিকা দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেল দেওয়া হয়েছে। আর এই পত্রিকা ও টেলিভিশনে তিনি এই সরকারের বিরুদ্ধে লিখছেন। উনাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনি দুটিতে একসঙ্গে থাকতে পারেন না। সাংবাদিকতা করতে চাইলে তথ্য উপদেষ্টার পদ থেকে সরে আসুন। সরকারের সকল সুযোগ-সুবিধা নিয়ে আপনি আমাদের বিরুদ্ধে বলবেন, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শেষে সংসদের অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।

 

সারা দেশে জেলা পরিষদে ‘ফেনী স্টাইলে’ নির্বাচন চেয়েছেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। গতকাল সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ দাবি করেন।  নিজাম হাজারী বলেন, ‘একটি দৈনিক পত্রিকায় লিখেছে, জেলা পরিষদেও ফেনী স্টাইল। উনি যথার্থই লিখেছেন। দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রয়োজন। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাতে এই নিয়ম বজায় থাকে।’ পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে ফেনীতে সরকারি দলের অনেক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে নিজাম হাজারী বলেন, ‘ফেনীতে উপজেলা নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। নির্বাচনে যাঁরা শেখ হাসিনার মনোনয়ন পেয়েছিলেন, তাঁরা সবাই নির্বাচিত হয়েছেন। নেত্রীর প্রতি, নৌকার প্রতি ও জেলা আওয়ামী লীগের প্রতি আস্থা আছে বলেই ফেনীতে একক প্রার্থী হয়েছিল।’

আপনার মতামত লিখুন :