অবৈধদের বিনা শাস্তিতে নিজ দেশে ফেরার সুযোগ দিচ্ছে সৌদি আরব

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৭ পিএম, ২১ মার্চ ২০১৭

ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও যারা অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের বিনা শাস্তিতে দেশে ফিরতে ৯০ দিনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ রোববার ‘এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসূচির উদ্বোধন করে তিন মাসের এই ‘সাধারণ ক্ষমার’ ঘোষণা দেন।

প্রিন্স মুহাম্মদ বিন নায়িফ বলেছেন, বসবাসের অনুমতি (ইকামা) ছাড়াই অবস্থান, অনুমতি ছাড়াই কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশের মত অপরাধের ক্ষেত্রে আগামী ২৯ মার্চ থেকে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো অবৈধ অভিবাসী ধরা পড়লে তাকে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হয়। দেশে ফেরত পাঠানোর আগে তার আঙুলের ছাপ রেখে দেওয়া হয়, যাতে ওই ব্যক্তি ভবিষ্যতে আর সৌদি আরবে কাজের জন্য আসতে না পারেন।

তিন মাসের এই সাধারণ ক্ষমার সুযোগ যারা নেবেন, তাদের আঙুলের ছাপ নেওয়া হবে না বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি।

যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের।

সৌদি গেজেট জানিয়েছে, দুই বছর আগে সৌদি সরকার ইকামা পরিবর্তনের যে সুযোগ দিয়েছিল, তারই ধারাবাহিকতায় এবারের এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসূচি। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

আপনার মতামত লিখুন :