ঈদে শাকিব-বুবলীর ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০৬ পিএম, ১৪ মে ২০১৮

জিএস অনলাইন>>>

ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব-ববুলী অভিনীত ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। এরই মধ্যে ছবিটি সেন্সরে জমা পড়েছে। শিগগিরই সেন্সর সনদ পাবে বলেও আশা প্রকাশ করেছেন পরিচালক উত্তম আকাশ।

পরিচালক জানান, রোমান্টিক ও কমেডি গল্পের এই ছবিটি ২৩ মার্চ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ছবির কাজ শেষ করতে না পারায় মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ঈদের ছবি হিসেবে এটি মুক্তি দেওয়া হবে।

পরিচালক আরও বলেন, ‘চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব, প্রেম ও ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। শাকিব-বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিঠুসহ আরও অনেকে। সেন্সর ছাড়পত্র পেলেই ছবির টিজার ও ট্রেলার ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। চট্টগ্রাম ও নোয়াখালী এই অঞ্চলের পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলের দর্শকের কাছে ছবিটি ভলো লাগবে বলেই আশা করছি।’

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে ভিন্নধর্মী ছবি এটি। দর্শক এতে বিনোদনের সব ধরনের উপকরণ খুঁজে পাবেন। যে জন্য এ ছবির বাণিজ্যিক সাফল্য নিয়েও আমি দারুণ আশাবাদী।’

অভিনেত্রী শবনম বুবলী বলেন, ‘আমার আগের ছবিগুলো থেকে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ একেবারেই আলাদা। গল্প, চরিত্র, সংলাপ থেকে শুরু করে নির্মাণেও ভিন্নতা চোখে পড়বে। সব মিলিয়ে ছবিটি দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

এরই মধ্যে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। গতকাল ছবির টাইটেল গানের টিজার প্রকাশ করা হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে। চট্টগ্রাম ও নোয়াখালীর আঞ্চলিক ভাষার রেকর্ড করা ছবির গানে খুনসুটি করতে দেখা গেছে শাকিব খান ও বুবলীকে, যা এরই মধ্যে অনেকের মনোযোগ কেড়েছে।

এ গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীত করেছেন শাহারিয়ার রাফাত। দ্বৈত কণ্ঠের গানে কণ্ঠ দিয়েছেন ঐশী ও রাফাত নিজেই। আর এই গানের কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।

গত বছরের অক্টোবরে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসিতে। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়ার সহযোগী প্রতিষ্ঠান খান প্রডাকশন।

আপনার মতামত লিখুন :