কক্সবাজারে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৫ পিএম, ২১ মে ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ঢাকায় এসেছেন। আজ সোমবার সকাল আটটায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

এখানে ঘণ্টা তিনেক অবস্থান করার পর তিনি ইউএস-বাংলার একটি উড়োজাহাজে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

জানা গেছে, কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কাকে উখিয়ায় রয়েল টিউলিপ হোটেলে নিয়ে যাওয়া হয়। কক্সবাজার পুলিশের বরাত দিয়ে জি এস নিউজের প্রতিনিধি সোহেল হোসেন  জানান, প্রিয়াঙ্কা চোপড়া এখানে চার দিন থাকবেন।

ঢাকায় এসে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে যাচ্ছি। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব। আমাকে সেখানে অনুসরণ করতে থাকুন। এই বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। ভাবতে হবে আমাদেরও।’

আজ বেলা তিনটা নাগাদ সড়কপথে কক্সবাজার থেকে প্রিয়াঙ্কা চোপড়াকে টেকনাফের সামলাপুর রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়া হবে। এখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। আরও জানা গেছে, জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন তিনি।

এর আগে ইউএস-বাংলা এয়ারলাইনসের জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম জানান, প্রিয়াঙ্কা চোপড়া আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে কক্সবাজারে যান।

প্রিয়াঙ্কা চোপড়া ১৯ মে ব্রিটিশ রাজপরিবারের আমন্ত্রণে প্রিন্স হ্যারি আর মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় এসেছেন।

আপনার মতামত লিখুন :