এবার ৮০ বছরের বৃদ্ধার চরিত্রে কঙ্গনা
বিনোদন ডেস্ক:>>>>
বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত প্রতিটি সিনেমায় নিজেকে নতুন নতুন করে গড়ে তোলেন। কঙ্গনার শেষ ছবি ‘রেঙ্গুন’ বক্স অফিসে ব্যর্থ হলেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার খবর বেরিয়েছে যে, কঙ্গনা তার পরবর্তী ছবিতে ৮০ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করবে। সেই সঙ্গে প্রথমবারের মত পরিচালনায় নামবেন এই নায়িকা।
কঙ্গনা হোম প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘তেজু’ সিনেমায় তিনি এই বৃদ্ধার চরিত্রে অভিনয় করবেন। কঙ্গনা বলেন, ‘আমার প্রথম পরিচালিত ছবিটিতে আমি ৮০ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করব। ছবিটি হবে সমাজের সকল বৃদ্ধ মানুষের যাদেরকে আমি চিনি ও ভালোবাসি। এবং এটা অনেকটা আমাকে নিজেকে নিয়েও কেননা আমি তো আমার বয়সের চেয়ে বেশি অভিজ্ঞ।
নিজের চরিত্রের ব্যাপারে কঙ্গনা বলেন, তিনি হবেন উষ্ণ, সাহসী ও প্রাণপ্রাচুর্যে ভরপুর একজন মানুষ যে নিজেকে কখনো বৃদ্ধা ভাবেন না।



